সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে অনলাইন কনটেন্ট ক্রিয়েটর বুরহান উদ্দিন শিকদার মাসুদের ছোট ভাই, নবম শ্রেণীর ছাত্র জুবায়ের উদ্দিন ইমাদের ওপর একদল দুর্বৃত্ত নৃশংস হামলা চালিয়েছে। গতকাল শনিবার বিকেলে গোয়ালাবাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুরহান উদ্দিন শিকদার মাসুদ দীর্ঘদিন ধরে দেশীয় বিভিন্ন বৈষম্য ও সামাজিক অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি দেশে চলমান আন্দোলন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বুরহানের একাধিক পোস্ট ও ভিডিও ব্যাপক ভাইরাল হলে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। দেশে বুরহানকে না পেয়ে তাঁর পরিবারকে কোণঠাসা করতেই তাঁর অপ্রাপ্তবয়স্ক ভাই জুবায়েরকে লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ উঠেছে।
গতকাল বিকেলে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন সশস্ত্র যুবক জুবায়েরের পথরোধ করে এবং তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে জুবায়েরকে বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে আহত জুবায়েরের মা জানান, বুরহানের অনলাইন ভিডিও ও অ্যাক্টিভিজমের জেরে গত কিছুদিন ধরেই তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এই হামলার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।