গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে গুলি করে বিকাশ এজেন্টের প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন– ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামে বিকাশ এজেন্টের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল, প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন।
গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার।
আহত চালক লাল মিয়া জানান, নরসিংদী থেকে প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় ৪ কোটি টাকা নিয়ে শ্রীপুর ফিরছিলেন তাঁরা। শ্রীপুরের গোসিঙ্গা কনপুর গজারি বন এলাকায় আসলে ১০-১২টি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে এলোপাথাড়ি গুলি করেন। শুরুতেই হিমেল গুলিবিদ্ধ হন। পরে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় আহন হন লাল মিয়া ও ফরহাদ। একপর্যায়ে ছিনতাইকারীরা গাড়িতে থাকা দুই বস্তা টাকা নিয়ে যান।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।