শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মিথ্যা অর্থ পাচার মামলা, পুলিশি হয়রানির অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক, সিলেট: / ৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় এক পরিবারের বিরুদ্ধে মিথ্যা অর্থ পাচার মামলা দিয়ে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। পরিবারটির সদস্যরা বর্তমানে গ্রেপ্তারের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী চক্র তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এনিয়ে থানায় অভিযোগ জানালে উল্টো পুলিশি হয়রানির মুখে পড়তে হয় তাদের। পরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, দুদকে অভিযোগের পর সংশ্লিষ্ট থানার কিছু কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের মার্চ মাসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি অর্থ পাচার মামলা দায়ের করা হয়, যা তারা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মামলার কারণে পরিবারের সদস্যরা এলাকায় অবস্থান করতে পারছেন না। এই সুযোগে জানুয়ারির তৃতীয় সপ্তাহে তাদের পৈতৃক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে জমিতে জোরপূর্বক দখল কার্যক্রম চালানো হয়।

একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পরিবারের লোকজন এখন এলাকায় নেই। এই সুযোগে জমি দখল করে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।”

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিথ্যা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং পুলিশি চাপের কারণে তারা আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। তারা বিষয়টি নিয়ে উচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, “আইন অনুযায়ী মামলা হয়েছে। কারও বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে হয়রানির প্রশ্ন নেই।”

এদিকে এলাকাবাসীর একাংশের মতে, সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ এবং প্রভাবশালীদের প্রভাবের কারণেই ঘটনাটি জটিল আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।


আরো সংবাদ পড়ুন...